এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের বিদায়ঘণ্টা বাজিয়েছে। আর আজ কলম্বোয় ৬ উইকেটে শ্রীলঙ্কাকেও হারিয়ে ‘বি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে । চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ২০ ওভারে তারা ৭ উইকেটে ১৭৮ রান তোলে। ৫ ওভারে ৫৪ রানের ওপেনিং জুটি গড়েন পাথুম নিশঙ্কা ও কুসল পেরেরা। ১৪ বলে চারটি চারে ২২ রানে বিদায় নেওয়ার পর দ্বিতীয় উইকেটে নিশঙ্কার সঙ্গে কুসল মেন্ডিসের ৪৬ রানের জুটি হয়েছে।